চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় এক আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে পৌঁছে তিনি চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন।
আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এই সাক্ষাতের সময় হাসপাতালে এক অত্যন্ত আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তা এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সাহস ও সান্ত্বনা প্রদান করেন।
উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণ করার সময় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য প্রাণ হারান এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার লক্ষ্যে আহত কর্মকর্তাকে দ্রুত সিএমএইচে ভর্তি করা হয়। দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাঁর গভীর সমবেদনা ব্যক্ত করেছেন।
















