নিজস্ব প্রতিবেদক:
চাকরি জীবনের ১৫ বছর পার হতে চললেও পদোন্নতি পাননি ৩০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তারা। বিসিএসের অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেয়ে জেলা ও বিভিন্ন দপ্তরের নীতি-নির্ধারণী পর্যায়ে নেতৃত্ব দিলেও পুলিশের এই ব্যাচের কর্মকর্তারা এখনো অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেই আটকে আছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩ জুলাই সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ৩০তম বিসিএসের ১৭৯ জন কর্মকর্তা। অতীতে পুলিশে সাধারণত ৭ থেকে ৮ বছরের মধ্যে এবং জটিলতা থাকলেও সর্বোচ্চ ৯ থেকে ১০ বছরের মধ্যে পুলিশ সুপার পদে পদোন্নতি হওয়ার নজির ছিল। তবে দীর্ঘ ১৫ বছর ধরে মাঠ পর্যায়ে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অবদান রাখার পরও এই ব্যাচের পদোন্নতির ফাইল ঝুলে রয়েছে।
অন্যান্য ক্যাডারের সাথে তুলনা করলে দেখা যায়, প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচ অনেক আগেই উপসচিব হয়েছেন এবং ৩১তম ব্যাচের পদোন্নতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া ৩৩ ও ৩৪তম বিসিএসের কর্মকর্তারা বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের নির্বাহী প্রধান হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে পুলিশের ২৮ ও ২৯তম ব্যাচের কর্মকর্তারা পদোন্নতি পেলেও ৩০তম ব্যাচ ক্রমাগত পিছিয়ে পড়ছে।
পদোন্নতির এই জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যাচের ভুক্তভোগী কর্মকর্তারা। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দূতাবাস বা জাতিসংঘ সদর দফতরে নতুন পদ সৃষ্টি করে হলেও জ্যেষ্ঠতা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।











