ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রভাবশালী ব্যক্তিদের নামে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তদন্ত করে জানা গেছে, ওই ব্যক্তি প্রধানমন্ত্রী ও তারেক রহমানের পরিবারের সদস্যসহ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে এসব ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা করছিলেন।
পুলিশ জানিয়েছে, এই ভুয়া ফেসবুক আইডিগুলোর মাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো এবং মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছিল। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে একাধিক ভুয়া আইডি ও পেজ তৈরির তথ্য পাওয়া গেছে, যা বর্তমানে তদন্ত করা হচ্ছে।
কারকান রানার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুয়া আইডিগুলোর কারিগরি তথ্য ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে রবিবার বিকেলে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোনসহ বেশ কিছু ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে। এই ঘটনায় বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।





















