শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া

খুলনার ডুমুরিয়া থানাধীন রামকৃষ্ণপুর এলাকায় একটি দুর্ধর্ষ জলদস্যুর বসতবাড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬ ভোররাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযুক্ত জলদস্যু মো. আব্দুর রহমান শেখকে (৩৬) গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৩ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ডুমুরিয়া থানার একটি বিশেষ টিম রামকৃষ্ণপুর সাকিনস্থ জলদস্যু মো. আব্দুর রহমান শেখের বসতবাড়িতে অভিযান চালায়। আব্দুর রহমান শেখ ওই এলাকার মো. রেজাউল শেখ ও সাফিয়া বেগম দম্পতির ছেলে। তার বিরুদ্ধে জলদস্যতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

অভিযানকালে পুলিশ তল্লাশি চালিয়ে বসতবাড়ির উঠানে অবস্থিত নবনির্মিত একটি পাকা বাথরুমের তিনটি কক্ষের মধ্যবর্তী কক্ষের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ১ (এক)টি পাইপগান উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই সটকে পড়ে অভিযুক্ত আব্দুর রহমান।