সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী মোট ১৭৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এসব ফ্লাইটের মোট ২৩ হাজার ৭৭ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার ৪ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বেবিচকের তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৯৭টি এবং ট্রানজিট ফ্লাইট রয়েছে ৭৭টি। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৯টি ফ্লাইট রয়েছে। অপরদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়। এর প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে সৌদি আরবে সরাসরি চলাচলকারী ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদিগামী ট্রানজিট ফ্লাইটেও।
এ পরিস্থিতিতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে। এই দুই রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান। তবে পর্যাপ্ত যাত্রী চাহিদা না থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।


















