গ্রীষ্মের প্রিয় ফল পাকা আম। এর স্বাদকে আরও বাড়িয়ে তুলতে ঘরেই তৈরি করতে পারেন দারুণ স্বাদের ‘ম্যাংগো ক্রিম পুডিং’। এটি তৈরি করা সহজ এবং খেতে অত্যন্ত সুস্বাদু।
প্রয়োজনীয় উপকরণ: পাকা মিষ্টি আমের রস ১ কাপ, ঘন দুধ ৩ কাপ, চিনি ১ কাপ, ডিম ৫টি, সামান্য এলাচ গুঁড়া এবং ক্রিম ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী: প্রথমে এক লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করে নিন। এরপর ব্লেন্ডারে আমের রস, ডিম ও চিনির সঙ্গে ঘন দুধ, এলাচ গুঁড়া ও ক্রিম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এবার ক্যারামেল করা পাত্রে এই মিশ্রণটি ঢালুন। পাত্রটি ঢাকনা দিয়ে বন্ধ করে প্রেসার কুকারে পানি দিয়ে ৮টি সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। পুডিংটি ঠান্ডা হলে ওপরে আমের টুকরো সাজিয়ে পরিবেশন করুন।
ক্যারামেল তৈরির নিয়ম: ঢাকনাসহ স্টিলের বক্সে সামান্য চিনি দিয়ে চুলায় দিন। চিনি বাদামি রং না হওয়া পর্যন্ত পাত্রটি ঘুরিয়ে সব জায়গায় লাগিয়ে নিন। এরপর ক্যারামেলটি ঠান্ডা করে পুডিংয়ের মিশ্রণটি ঢালুন।










