সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের পূর্বপাড়ায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। পাশাপাশি দুই পক্ষের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর গ্রামের পূর্বপাড়ায় উজ্জ্বল মেম্বেলের পক্ষ ও স্বপন মিয়ার পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে গত দুই দিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় দুই পক্ষের মধ্যে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হন।

সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন পোস্ট দেওয়া হয়। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ এবং জেলা পুলিশের নির্দেশনায় নবীনগর থানা পুলিশ এলাকায় অভিযান চালায়। এ সময় দুই পক্ষের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সংঘাত এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।