মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগ করেছেন কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর প্রচার করা হচ্ছে, তাকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

রবিবার পাঠানো এক প্রতিবাদলিপিতে এই দাবি করেন প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা। প্রতিবাদলিপিতে বলা হয়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে আসছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং তাঁর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। রাজনৈতিক স্বার্থ হাসিল এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এতে আরও উল্লেখ করা হয়, গতকাল নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি চলাকালে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে প্রতিমন্ত্রী আগেই তাঁর অবস্থান স্পষ্ট করেছেন।

সেই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগ নিয়ে খবর প্রকাশ বেআইনি এবং সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি। প্রতিবাদলিপিতে সংশ্লিষ্ট গণমাধ্যমসহ দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে যেসব গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে, সেগুলো অবিলম্বে প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিবাদলিপিতে সতর্ক করা হয়।