জাপানের কিউশু দ্বীপে স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ৭.১ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। এই শক্তিশালী কম্পনের উৎপত্তিস্থল ছিল উকি শহরের হিকাওয়া এলাকার ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। মূল কম্পনের তীব্রতা থেকে বাসিন্দারা আতঙ্কিত হয়ে ওঠার আগেই, ঠিক চার মিনিট পর একই স্থানে ৪.৫ মাত্রার আরও একটি আফটারশক বা পরবর্তী মৃদু কম্পন অনুভূত হয়। এই জোড়া ধাক্কায় পুরো অঞ্চলজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে চরম অস্থিরতা তৈরি হয়।

জাপান ভূ-কম্পন পরিমাপের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাধারণ রিখটার স্কেলের পাশাপাশি নিজস্ব ‘শিন্দো’ স্কেল ব্যবহার করে। এই বিশেষ স্কেলের মাধ্যমে কেবল ভূমিকম্পের মাত্রাই নয়, বরং ভূ-কম্পনের তীব্রতা এবং মানুষ ও ভবনের ওপর তার প্রকৃত প্রভাব কতটা শক্তিশালী তা নিখুঁতভাবে নির্ধারণ করা হয়। মঙ্গলবারের এই ভূমিকম্পটি শিন্দো স্কেলের সর্বোচ্চ মাত্রা ‘শিন্দো ৭’ স্পর্শ করেছে, যা মূলত কুমামোতো শহর ও তার আশপাশের এলাকায় রেকর্ড করা হয়। এছাড়া নিকটবর্তী ইয়াৎসুশিরো, উতো এবং মাশিকি ও মিসাতো শহরে কম্পনের তীব্রতা ছিল ‘৬-আপার’।

এই শক্তিশালী কম্পনের প্রভাব কেবল কিউশু দ্বীপের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বহুদূরের রাজধানী টোকিওতেও বহুতল ভবনগুলো প্রবলভাবে কেঁপে ওঠে। এমনকি সমুদ্রের ওপারে দক্ষিণ কোরিয়ার বুসান, গাওয়াংজু এবং জেওনাম অঞ্চলের বাসিন্দারাও ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভব করেছেন বলে জানিয়েছেন। জাপানের আবহাওয়া সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত মোট ৬১টি পরাঘাত বা আফটারশক রেকর্ড করা হয়েছে, যার তীব্রতা ছিল ১ থেকে ৬-এর মধ্যে।

তুলনামূলকভাবে বলা যায়, ২০১৬ সালে কুমামোতোর সেই ভয়াবহ ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষ আহত এবং ৪০ জনেরও বেশি প্রাণ হারিয়েছিলেন। সে সময় টানা দু’দিন ধরে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। জাপানের নিজস্ব তীব্রতা পরিমাপক স্কেলে শূন্য থেকে সাত পর্যন্ত মাত্রা থাকে। আবহাওয়া সংস্থার মতে, শূন্য মাত্রার অর্থ হলো মানুষ কোনো কম্পনই অনুভব করে না; অন্যদিকে সাত মাত্রার অর্থ হলো ভূমিকম্পের ফলে আসবাবপত্র স্থানচ্যুত হয়ে ছিটকে পড়ে এবং ভূমিকম্প সহনক্ষমতা কম এমন ভবনগুলো ধসে পড়তে পারে।

ভূমিকম্পের পরপরই জাপানের আবহাওয়া সংস্থা আরিয়াকে ও ইয়াৎসুশিরো সাগরে জরুরি সুনামি সতর্কতা জারি করে। ফুকুওকা, সাগা, নাগাসাকি এবং কুমামোতো উপকূলে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়। জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে (NHK) অনবরত এই সতর্কবার্তা প্রচার করে এবং উপকূলীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ উচ্চস্থানে সরে যেতে এবং ঘরের ভেতরে থাকা মানুষদের টেবিলের নিচে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। তবে প্রায় ৯০ মিনিট পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।

কাজের জায়গায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি এত তীব্রভাবে দুলছিল যে টেবিলের ওপর রাখা ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম গড়িয়ে নিচে পড়ে যাচ্ছিল। কর্মীরা সাহসিকতার সাথে সবাইকে টেবিলের নিচে আশ্রয় নিতে সাহায্য করেন এবং কম্পন থামার পর সতর্কতার সাথে সবাইকে বাইরে নিয়ে যান।

ভূমিকম্পের প্রভাব তাৎক্ষণিকভাবে অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় পড়েছে। কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, প্রথম ধাক্কাতেই প্রায় ৪০,০০০ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেআর কিউশু বুলেট ট্রেনসহ পুরো অঞ্চলের সব ধরনের রেল পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়, যার ফলে মাঝপথেই আটকে পড়েন হাজার হাজার যাত্রী। কিকুয়ো শহরে অবস্থিত বিশ্বের শীর্ষস্থানীয় চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি-র কারখানায় কম্পনের মাত্রা শিন্দো ৫ রেকর্ড করায় সতর্কতা হিসেবে সব কর্মী দ্রুত উচ্ছেদ করা হয়। এছাড়া ওই অঞ্চলে কার্যক্রম পরিচালনাকারী ইলেকট্রনিক্স জায়ান্ট সনি-ও তাদের উৎপাদন কার্যক্রম সাময়িক স্থগিত করে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে কুমামোতোর 'আয়ন মলে'। ভূমিকম্পের পরপরই এই বহুতল শপিং মলটিতে একটি বিকট বিস্ফোরণ ঘটে এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীতে পুরো এলাকা ছেয়ে যায়। পাশের এক রেস্তোরাঁ কর্মী জানান, বিস্ফোরণের শব্দ ও ধাক্কা এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল যেন চারপাশে আগ্নেয়গিরির ছাই ঝরে পড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মলটির ভেতরে এখনো কয়েকজন আটকা পড়ে আছেন এবং তাদের উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে।

জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূ-পৃষ্ঠের খুব গভীরে না হওয়ায় আগামী এক সপ্তাহ জুড়ে শক্তিশালী আফটারশক এবং ভূমিধসের উচ্চ ঝুঁকি রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এ অবস্থিত হওয়ার কারণে বিশ্বে ঘটে যাওয়া ৬.০ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই জাপানে সংঘটিত হয়ে থাকে।

এদিকে জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে-র বরাতে পুলিশ জানিয়েছে, কুমামোতো প্রিফেকচারে একটি কাগজ কারখানার চিমনি ধসে পড়ার ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। পুলিশ ও দমকল কর্মীরা কুমামোতো প্রিফেকচারের ইয়াতসুশিরো শহরে অবস্থিত ‘নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ’-এর কারখানায় ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করছেন। রয়টার্স বার্তা সংস্থার হাতে আসা ড্রোন ছবিতে একটি ভেঙে পড়া ও ধসে যাওয়া চিমনি দেখা গেছে।

কুমামোতো প্রিফেকচার ভূমিকম্পের জন্য নতুন কোনো জায়গা নয়; অতীতেও এখানে একাধিকবার শক্তিশালী কম্পন আঘাত হেনেছে। ২০১৬ সালে এই অঞ্চলে ধারাবাহিক ভূমিকম্প আঘাত হানে, যার মধ্যে ১৪ এপ্রিল মাশিকি শহরে ৬.৫ মাত্রার এবং তার দুদিন পর ৭.৩ মাত্রার ভূমিকম্প অন্যতম। এনএইচকে-র তথ্যমতে, কুমামোতো এবং পার্শ্ববর্তী ওইতা প্রিফেকচারে সেই দুর্যোগে মোট ২৭৮ জন প্রাণ হারিয়েছিলেন। এর মধ্যে অনেকের মৃত্যু হয়েছিল নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার ধকল এবং মানসিক চাপের কারণে সৃষ্ট স্বাস্থ্যগত জটিলতায়। এক সংবাদ সম্মেলনে জাপানের আবহাওয়া সংস্থার শিনজি কিয়োমোতো ২০১৬ সালের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা উল্লেখ করে সাধারণ মানুষকে আগামী দিনগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র: রয়টার্স-বিবিসি-ইকোনমিক টাইমস