জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বিশৃঙ্খলার সূত্রপাত হয়। অনুষ্ঠান চলাকালীন দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও পরবর্তীতে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, দুই পক্ষ একে অপরের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফি। তবে এই হাতাহাতিতে জড়িত ব্যক্তিরা সংগঠনের কোন ইউনিটের সদস্য বা তাদের প্রকৃত পরিচয় কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে বিস্তারিত জানতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিকে একাধিকবার ফোন করা হলেও তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।