ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবেই প্রত্যর্পণ করবে না ভারত। বরং তিনি যদি বাংলাদেশে ফিরে গ্রেপ্তার হন, তবে তার যথাযথ নিরাপত্তা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকাকে বিশেষ অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি। সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা লিখেছেন সাংবাদিক অনির্বাণ দাসগুপ্ত।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক মাস আগে একটি উচ্চপর্যায়ের ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করেন এবং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এই প্রতিনিধিদলটি শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে ভারতের বর্তমান অবস্থান বিস্তারিতভাবে অবহিত করেছে। তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে, শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের ‘অসম্মানজনক আচরণ’ করা সমীচীন হবে না। তাকে যদি আটক করা হয়, তবে তার নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া, প্রতিনিধিদলটি তারেক রহমানের প্রশাসনের কাছে জোরালোভাবে জানিয়ে দিয়েছে যে, ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে প্রত্যর্পণ করবে না। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহী এবং আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রত্যাবর্তনের ইচ্ছা তিনি বারবার প্রকাশ করেছেন। তবে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের মতে, তিনি ঠিক কীভাবে ফিরবেন, সেই বিষয়ে আওয়ামী লীগ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে লস্কর-ই-তৈয়বার প্রায় ছয়জন সন্দেহভাজন সদস্যের উপস্থিতি নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো গভীরভাবে উদ্বিগ্ন। অভিযোগ রয়েছে, এই সন্দেহভাজনদের মধ্যে চারজন আগে কাশ্মীরে সক্রিয় ছিল, যা ভারতের জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।