স্বপন রবি দাশ, হবিগঞ্জ

হবিগঞ্জের বিভিন্ন এলাকার বসতবাড়ি ও আঙিনা থেকে ১৩৭টি সাপ এবং পাঁচটি সাপের ডিম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সাপগুলোর মধ্যে রয়েছে ৭০টি পদ্মা গোখরা, ৬০টি কৈয়া গোখরা ও পাঁচটি দারাস। বর্তমানে সাপগুলো হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের হেফাজতে রয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকার বসতবাড়ি, আঙিনা ও আশপাশের স্থান থেকে এসব সাপ উদ্ধার করা হয়। লোকালয়ে সাপের উপস্থিতির খবর পেয়ে জীববৈচিত্র্য ফেডারেশনের সদস্যরা সেগুলো উদ্ধার করেন। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার করা পাঁচটি ডিমের মধ্যে কয়েকটি থেকে ইতিমধ্যে বাচ্চা ফুটেছে। সাপ ও ডিমগুলো বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে।

বন বিভাগ সূত্র জানায়, সাপগুলো অবমুক্ত করার জন্য উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ রয়েছে, এমন স্থান নির্ধারণের কাজ চলছে। জনবসতিপূর্ণ এলাকার কাছাকাছি সাপগুলো ছাড়া হবে না। মানুষের নিরাপত্তা ও বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল বিবেচনায় নিয়েই অবমুক্তির স্থান নির্বাচন করা হবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, নিরাপদ স্থান নির্ধারণের পর শিগগিরই সাপগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। এতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণেও ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি জানান, সাপগুলো অবমুক্তির জন্য উপযুক্ত স্থান নির্বাচনের প্রক্রিয়া চলছে। স্থান চূড়ান্ত হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।