দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরলস প্রচেষ্টাকে যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে এখনো নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তিনি দেশবাসীকে এই ধরনের অপচেষ্টায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে পালনের স্বার্থে সারা দেশে দলীয় নেতাকর্মীদের তাদের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শুরু হওয়া 'স্কুল ফিডিং' কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি মন্তব্য করেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চরম অবহেলার কারণে এই জনকল্যাণমূলক কর্মসূচিটি বর্তমানে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকারের যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা।