বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনা করে বলেছেন, বিএনপি জুলাই বিপ্লবের চেতনাকে বাংলাদেশের মূল রাজনীতি থেকে সরিয়ে দিয়ে সেটিকে ‘দুধভাত’ বানিয়ে রাখার একটি সুপরিকল্পিত প্রকল্প হাতে নিয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ১১ দলের এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। মামুনুল হক তার বক্তব্যে ছোটবেলার খেলার একটি উদাহরণ টেনে বলেন, ছোট বাচ্চাদের শান্ত রাখতে যেমন ‘দুধভাত’ হিসেবে খেলায় রাখা হয়, বিএনপিও তেমনি জুলাই বিপ্লবের সৈনিকদের আবেগ ও কান্নাকাটি দেখালেও বিপ্লবের মূল চেতনা বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং তারা পরিকল্পিতভাবে এই চেতনাকে হত্যার চেষ্টা করছে। তিনি বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন, যদি তারা নিজেদের সংশোধন না করে, তবে তাদের সঙ্গে চূড়ান্ত লড়াই হবে। অতীতে বিএনপির ওপর বারবার নির্ভর করে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, এবার তারা বিকল্প পথ বেছে নিচ্ছেন।

বিএনপি ব্যর্থ হলে এই রাজনৈতিক ঐক্য গণবিস্ফোরণে রূপ নেবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এছাড়া তিনি দ্রুত ‘জুলাই জাদুঘর’ উন্মুক্ত করার দাবি জানান এবং অন্যথায় বড় ধরনের সমস্যার হুঁশিয়ারি দেন। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা যেমন উন্নয়নের দোহাই দিয়ে মানুষের অধিকার খর্ব করেছিলেন, বর্তমান সরকারও যদি ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ডের গণতন্ত্র দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তবে তাদের আচরণও শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আন্দোলনের মতোই কঠোর হবে।

তিনি স্পষ্টতই জানান, জুলাই বিপ্লবের চেতনাকে কোনোভাবেই অবমূল্যায়ন করার সুযোগ নেই এবং এই চেতনা বাস্তবায়নে আপসহীন অবস্থান বজায় রাখবেন তারা।