বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭এ ডিইও ব্যাচে কমিশনড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ নৌবাহিনীর ২০২৭এ ডিইও ব্যাচে ‘কমিশন্ড অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের যোগ্য ও মেধাবী তরুণ-তরুণীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত শর্তাবলি পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ জুলাই, ২০২৬ তারিখ পর্যন্ত।
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা:
নিয়োগের জন্য শিক্ষা শাখাকে তিনটি বিশেষ ভাগে ভাগ করা হয়েছে:
১. শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন): এই পদের জন্য স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশন এবং মাস্টার অব স্পেশাল এডুকেশন বিষয়ে ৪ বছর মেয়াদি বিএড ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়া এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।
২. শিক্ষা শাখা (সাধারণ বিষয়): ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন অথবা মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকা বাধ্যতামূলক।
৩. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ারিং): কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রয়োজন। এই শাখার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।
শারীরিক যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি:
আবেদনকারী নারী ও পুরুষ উভয়ই হতে পারবেন এবং চাকরির ধরন হবে স্থায়ী। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হওয়া আবশ্যক।
প্রার্থী অবিবাহিত অথবা বিবাহিত হতে পারেন। তবে নিয়োগপ্রাপ্ত হলে বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক। বয়সসীমা ১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া ও ফি:
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট (https://joinnavy.navy.mil.bd/) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সাথে ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অফেরতযোগ্য আবেদন ফি হিসেবে ১০০০ টাকা অনলাইন অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত জানতে এবং আবেদন করতে নৌবাহিনীর নির্ধারিত পোর্টালে ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।





















