জুলাই বিপ্লবের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও অধ্যাপক জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আসামিদের আগামী ২২ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করে।

এদিন শুনানির সময় প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মইনুল করিম। তিনি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির আবেদন জানান। ট্রাইব্যুনাল উক্ত আবেদন আমলে নিয়ে পরোয়ানা জারি করে এবং নির্দিষ্ট সময়ে তাদের হাজির করার নির্দেশ দেয়।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন বিচারপতি শামসুদ্দীন মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসি সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, এছাড়া ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। উল্লেখ্য, এর মধ্যে বিচারপতি মানিক, অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন এবং তানভীর হাসান সৈকত বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে অবস্থান করছেন।