বাংলাদেশ সেনাবাহিনীতে টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের যোগ্য ও আগ্রহী পুরুষ প্রার্থীদের জন্য এই বিশেষ সুযোগ। আবেদন প্রক্রিয়া ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে এবং আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।

নিয়োগপ্রাপ্তদের পদের নাম ‘সৈনিক’ এবং তারা বাংলাদেশ সেনাবাহিনীর টেকনিক্যাল শাখার ট্রেড-১-এ নিযুক্ত হবেন। এই পদের জন্য নির্ধারিত শারীরিক যোগ্যতা অনুযায়ী প্রার্থীর উচ্চতা হতে হবে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং ওজন সর্বনিম্ন ৪৯ কেজি। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার শর্ত কিছুটা শিথিল করা হয়েছে; তাদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি হতে হবে।

আবেদনকারী প্রার্থীর বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে এবং তাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি বা সমমান (মাদরাসা, কারিগরি বা উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৩ মাস মেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন করা বাধ্যতামূলক।

আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে অথবা বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদনের সাথে ৩০০x৩০০ সাইজের রঙিন ছবি এবং ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে একটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে—আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করে নিতে হবে। নির্ধারিত সময়ের পর প্রবেশপত্র প্রিন্ট করা যাবে না।

আবেদন ফি বাবদ মোট ৩০০ টাকা জমা দিতে হবে, যার মধ্যে পরীক্ষার ফি ২০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। নির্বাচিত প্রার্থীরা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন পাবেন এবং সামরিক হাসপাতালে বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। এই চাকরিটি স্থায়ী প্রকৃতির এবং কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থান।