বিশ্বকাপে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর চরম উচ্ছ্বাসে মেতেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রিয় দলের এই ঐতিহাসিক সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা শেয়ার করে আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন তিনি। বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃৎস্পন্দন কেমন হয়।
সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’
পূর্ণিমার এই পোস্টটি প্রকাশের সাথে সাথেই ভক্ত ও অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অসংখ্য আর্জেন্টিনা সমর্থক তার এই আবেগের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। অনেকেই লিওনেল মেসির অসাধারণ নেতৃত্ব, দলের লড়াকু মানসিকতা এবং নাটকীয় প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে উচ্চ প্রশংসা জানিয়েছেন। বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ জয় ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসবের আমেজ চলছে, তখন পূর্ণিমার এই আবেগঘন বার্তাটি আর্জেন্টিনা সমর্থকদের মাঝে আলোচনার এক অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।











