বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায়ে কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার। পরিবারের দাবি, প্রিয় দলের হার ও তা নিয়ে অন্যদের করা কটাক্ষ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই তরুণ।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন (২১) ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে এবং পেশায় ছিলেন একজন শ্রমিক। পরিবারের ভাষ্যমতে, ব্রাজিলের পরাজয়ের পর বিভিন্ন মানুষের কটাক্ষ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। নিজেও ব্রাজিলের সমর্থক হওয়ায় ঘটনাটি অভিনেতা অপূর্বকে গভীরভাবে নাড়া দিয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি খেলাকে কেবল বিনোদনের জায়গায় সীমাবদ্ধ রাখার আহ্বান জানান এবং মানুষের জীবনকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার অনুরোধ করেন। অপূর্ব লিখেছেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটি ছেলে আত্মহত্যা করেছে, রেখে গেছে মাত্র দুই মাসের এক শিশুকন্যা। সংবাদটি দেখে আমি ভীষণ মর্মাহত। আপনারা খেলাকে বিনোদন হিসেবেই দেখুন। খেলায় হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে আনন্দ হবে, হারলে কষ্ট পাওয়া স্বাভাবিক। কিন্তু সেই আবেগ যেন জীবনের চেয়ে বড় না হয়। কারণ দিনশেষে এটি শুধুই একটি খেলা।’
খেলাকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা ও ট্রল থাকলেও তা যেন কোনোভাবেই সীমা অতিক্রম না করে, সেই সতর্কবার্তাও দিয়েছেন এই অভিনেতা। তার ভাষায়, ‘ট্রল খেলার একটি অংশ হতে পারে, কিন্তু অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করা থেকে বিরত থাকুন। আপনার কাছে এটি মজার বিষয় মনে হলেও, অন্য কারো জন্য তা অসহনীয় মানসিক যন্ত্রণার কারণ হতে পারে।’ সবশেষে জীবনকে খেলার চেয়ে অনেক বেশি মূল্যবান উল্লেখ করে অপূর্ব লিখেছেন, ‘একটি দল আজ হারলে ভবিষ্যতে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে অন্য কোনো টুর্নামেন্টে সুযোগ আসবে।
কিন্তু একটি জীবন চলে গেলে তা আর কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব নয়। তাই জীবনের মূল্য দিন।’











