টঙ্গীতে গৃহশিক্ষকতার আড়ালে মাদক ব্যবসা: ১৫ হাজার ইয়াবাসহ নারী আটক
গাজীপুরের টঙ্গীতে গৃহশিক্ষকতার আড়ালে মাদক ব্যবসার অভিযোগে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শ্রাবন্তী আক্তার নামে ওই নারী টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় গৃহশিক্ষকতা করার ছলে মাদক সরবরাহ করতেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর মদিনাপাড়া এলাকার শাহানারা মঞ্জিলে এক বিশেষ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শ্রাবন্তীকে আটক করা হয়। এরপর তার ভাড়া বাসাটি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে অধিদপ্তর। তল্লাশি চলাকালীন শ্রাবন্তীর ঘর থেকে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শ্রাবন্তী ওই এলাকায় গৃহশিক্ষকতা করতেন। তবে এই পেশার আড়ালে তিনি মূলত মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আটককৃত শ্রাবন্তী নরসিংদীর মাধবদী থানার চরদিঘলদি এলাকার মো. মতিনের মেয়ে। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুরের শাহানারা মঞ্জিলে ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টঙ্গীর বিভিন্ন এলাকায় নারীসহ অনেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের দাবি, গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে অনেকে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, শ্রাবন্তী গৃহশিক্ষকতার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।





















