ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম এবং বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোট ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার কলম্বো থেকে আসা ইউএল১৮৯ ফ্লাইটের পাঁচজন যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও নিবিড় তল্লাশির পর এসব অবৈধ পণ্য পাওয়া যায়। আটককৃতদের মধ্যে মোহাম্মদ রুবেলের কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি গৌরী ক্রিম এবং খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। এছাড়া মমতাজ রাবেয়া বেগমের ব্যাগেজ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি গৌরী ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে আরও ৯ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

অন্যদিকে, ভারতের মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের যাত্রী মোবারক হোসেনের ব্যাগেজ তল্লাশিতে ১০ লিটার ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। সিআইআইডি কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান রোধে তাদের এই কঠোর অভিযান চালানো হয়েছে। অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা আশ্বস্ত করেছে।