জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সমসাময়িক প্রায় সব অভিনেত্রীর সঙ্গেই জুটি বেঁধেছেন। এবার তার বিপরীতে দেখা যাবে নতুন মুখ মালাইকা চৌধুরীকে। বড় বোন মেহজাবীন চৌধুরীর পথ ধরে অভিনয় জগতে সবেমাত্র পদার্পণ করেছেন মালাইকা। তৌসিফের সাথে তার প্রথম অভিনয় এই নাটকে, যার নাম ‘আমার রাজ্যে তুমি’। মাসরিকুল আলমের নির্দেশনায় নির্মিত এই নাটকটি ভালোবাসা, ভাগ্য এবং সম্পর্কের টানাপোড়েনের এক সংবেদনশীল গল্প। ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। তৌসিফ ও মালাইকার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকটি প্রসঙ্গে নির্মাতা মাসরিকুল আলম জানান, এটি এমন কিছু মানুষের গল্প যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত এবং ভাগ্যের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়। সম্পর্কের জটিলতা ও তার মানসিক প্রভাবই এই গল্পের মূল উপজীব্য। তিনি আরও বলেন, ‘আমি চেয়েছি দর্শক শুধু একটি সম্পর্কের পরিণতি নয়, বরং সম্পর্কের অবসানের পর মানুষের মনে কী ঘটে, সেটিও অনুভব করুক। আশা করি নাটকটি শেষ হওয়ার পরও এর চরিত্রগুলো দর্শকের মনে দীর্ঘস্থায়ী হবে।’