গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনিশিয়া গ্রামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উনিশিয়া গ্রামে নিজ বাড়ির পেছনের একটি কাঁঠাল গাছ থেকে শরিফা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শরিফা ইসলাম ওই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের মেয়ে এবং কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের একজন মেধাবী ছাত্রী।

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পেছনের কাঁঠাল গাছ থেকে শরিফাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরিফার বোন মাহমুদা খানম অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে জানান, তার বোন অত্যন্ত মেধাবী ও পড়াশোনায় মনোযোগী ছিল।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, আত্মহত্যার আগে শরিফা তার পড়ার টেবিলে মা-বাবার উদ্দেশ্যে একটি চিরকুট লিখে রেখে গিয়েছে। চিরকুটে লেখা ছিল, ‘২৮ তারিখ আমার পরীক্ষা, আজ ১৮ তারিখ চলছে, এখন পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারি নাই। পরীক্ষা দিলে আমার রেজাল্ট ভালো হবে না। আর রেজাল্ট ভালো না হলে তোমরা ও স্যার-ম্যামদের সামনে কীভাবে গিয়ে দাঁড়াবো। তাই আমি তোমাদের কষ্ট দিয়ে চলে গেলাম, আমাকে মাফ করে দিও।’

এই ঘটনায় কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, শরিফার মৃত্যু সংক্রান্ত একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।