রাজশাহী কলেজ প্রতিনিধি
রাজশাহী কলেজের নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী বলেছেন, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে তোমাদের বাছাই করে নেওয়া হয়েছে। তোমরা শুধু আভিজাত্যের নয়, চ্যালেঞ্জের সিঁড়িতে পা দিয়েছ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহী কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরা দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে থেকে বাছাই হয়ে এসেছে। এখানে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তারা শুধু একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগই পায়নি, একই সঙ্গে নিজেদের মেধা, যোগ্যতা ও সম্ভাবনাকে আরও বিকশিত করার সুযোগ পেয়েছে। তবে এই সুযোগের সঙ্গে তাদের সামনে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘তোমরা শুধু আভিজাত্যের নয়, চ্যালেঞ্জের সিঁড়িতে পা দিয়েছ।’ তাই রাজশাহী কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, মূল্যবোধ ও দায়িত্ববোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
নবাগত শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে মো. ইউসুফ আলী বলেন, ‘আজ যেই মেধাবী নক্ষত্রগুলো সামনে উপবিষ্ট আছে, আশা করি আগামী দুই বছর পর এই নক্ষত্রগুলো উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়ে অন্যত্র যাবে। আগামী দুই বছর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে তাদের নিজেদের মেধা ও প্রতিভাকে কাজে লাগাতে হবে। রাজশাহী কলেজ থেকে শিক্ষা নিয়ে তারা যেন উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।’
অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুস আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও নবাগত শিক্ষার্থীরা ।
সভাপতির বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ বলেন, রাজশাহী কলেজ একটি স্বপ্নের প্রতিষ্ঠান। এই কলেজে পড়াশোনার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয়। ২০১৬ সাল থেকে রাজশাহী কলেজ পাঁচবার সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কলেজে উচ্চমাধ্যমিক, সম্মান, স্নাতকোত্তর ও ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদের নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন এবং ভালো ফলাফল নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে।
অধ্যক্ষ বলেন, প্রতিবছর রাজশাহী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখানে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হতে পারবে না, যদি না সে নিজে ইচ্ছাকৃতভাবে ফেল করে। তিনি নবাগত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং কলেজের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রেখে পড়াশোনা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। তিনি নবাগত শিক্ষার্থীদের রাজশাহী কলেজে স্বাগত জানান এবং শিক্ষাজীবনের শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে অনুষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের রাজশাহী কলেজের শিক্ষা, ঐতিহ্য ও শৃঙ্খলার সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের নতুন শিক্ষাজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।





















