ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার কামাল গার্মেন্টস রোডের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম গাজী এইচ এম রবিউল আউয়াল, তিনি হেরার আলো মডেল মাদ্রাসার অধ্যক্ষ।
পুলিশের ভাষ্যমতে, গত এক সপ্তাহ ধরে ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়মিত শ্লীলতাহানি করে আসছিলেন অধ্যক্ষ রবিউল আউয়াল। বুধবার বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা দ্রুত সাভার মডেল থানায় বিষয়টি অবহিত করেন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করে। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে আটক করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আটক অধ্যক্ষ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।











