ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের খনি রোজেলা চা বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষের কাছে বেশ জনপ্রিয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওজন কমানো পর্যন্ত এর বহুমুখী গুণাগুণ রয়েছে। তবে এর যেমন বিস্ময়কর উপকারিতা আছে, তেমনি অতিরিক্ত সেবনে কিছু ঝুঁকিও থাকতে পারে।

রোজেলা চায়ের প্রধান উপকারিতাগুলোর মধ্যে অন্যতম হলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। নিয়মিত এই চা পানে রক্তচাপ স্বাভাবিক থাকে, যা হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে মুক্ত রাখে। পাশাপাশি এটি মেটাবলিজম বৃদ্ধি করে ফ্যাট বার্ন করতে সাহায্য করে, যা দ্রুত ওজন কমাতে কার্যকর। হজমশক্তি উন্নত করতে এবং পেটের নানা সমস্যা দূর করতেও এই চা বেশ উপকারী। এছাড়া এটি দৈনন্দিন ক্লান্তি দূর করে মানসিক প্রশান্তি আনে এবং মন সতেজ রাখতে সাহায্য করে।

তবে রোজেলা চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। যাঁদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম অথবা যারা রক্তচাপ কমানোর ওষুধ সেবন করছেন, তাঁদের রক্তচাপ অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি থাকে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। এছাড়া ডায়াবেটিস বা অন্যান্য নিয়মিত ওষুধের সঙ্গে এটি নেতিবাচক প্রতিক্রিয়া করতে পারে। অতিরিক্ত পরিমাণে সেবনে পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই যেকোনো দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া শ্রেয়।