ভারতের মধ্যপ্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-সহ এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। একটি ট্রাকের পেছনে এসইউভি গাড়ির সজোরে ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত ২৫ আগস্ট ভোর ৬টার দিকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী-গারোথ চার লেনের সড়কের রামখেড়ি গ্রামের কাছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, নিহত কনটেন্ট ক্রিয়েটরের নাম ছবি ভার্শনে (২৩) এবং তার সাথে তার মা সারিকাও প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত তিন ব্যক্তির নাম সুরজপাল, শচীন ও শ্যাম; তারা সবাই উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এসইউভি গাড়িটি একটি ট্রাকের পেছনে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি প্রচণ্ড গতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে এসইউভিটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর গাড়ির ভেতরে এক নারী ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েন, যাকে উদ্ধার করতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে বারোদ সরকারি কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আগর জেলার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে, এনএইচএআই-এর একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিহত ছবি ও তার মা সারিকার মরদেহ বারোদ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বজনরা হাসপাতালে পৌঁছানোর পর মরদেহ দুটির ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে বারোদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহত ছবি ভার্শনে একজন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন এবং ইনস্টাগ্রামে তার দুই লাখেরও বেশি অনুসারী ছিল। তার এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার অনুসারীদের মাঝে।