নেপালে আঘাত হানা এক ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের মুখে আটকা পড়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী এবং ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান ভোকাল তাসরিফ খান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে তিনি নিজের ও তার দলের নিরাপত্তার কথা নিশ্চিত করেছেন। তাসরিফ জানান, বর্তমানে তারা নেপালেই অবস্থান করছেন এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত সবাই সম্পূর্ণ নিরাপদে রয়েছেন।

নেপালের সাম্প্রতিক দুর্যোগের ভয়াবহতা বর্ণনা করে তিনি বলেন, ‘আজ নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগ প্রত্যক্ষ করলাম। দেশটির উত্তরাঞ্চলে তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় আকস্মিক বন্যার প্রভাবে শত শত পর্যটক নিখোঁজ হয়ে গেছেন এবং মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।’ এই আকস্মিক দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর দেশি-বিদেশি অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাসরিফ ও তার দলের খোঁজ নিতে ফোন ও বার্তার মাধ্যমে যোগাযোগ করতে থাকেন।

শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে তাসরিফ লেখেন, ‘খবরটি জানার পর থেকে দেশ ও বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন, মেসেজ এবং বিভিন্ন মাধ্যমে আমাদের খোঁজ নিয়েছেন। আপনাদের এই আন্তরিক উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।’ নিজের নিরাপত্তার খবরের পাশাপাশি নেপালের এই আকস্মিক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এই জনপ্রিয় শিল্পী।

আটকে পড়া ও বিপন্ন মানুষদের দ্রুত উদ্ধারের প্রার্থনা জানিয়ে তিনি আরও লেখেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন এবং এই কঠিন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দিন।’ সবশেষে তিনি নিজের ও তার পুরো দলের জন্য সবার কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।