বাংলাদেশের বিনোদন জগতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন মাইলফলক গড়লেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘ সময় ধরে ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের তারকাদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন সবচেয়ে বেশি অনুসারীর মালিক হয়েছেন তিনি।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, পরীমনির অফিসিয়াল ফেসবুক পেজ ও প্রোফাইল মিলিয়ে মোট অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। অন্যদিকে, সাকিব আল হাসানের অনুসারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখের ঘরে অবস্থান করছে। ফলে প্রায় ১০ লাখ বা ১ মিলিয়ন অনুসারীর ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক ব্যক্তিত্ব হিসেবে নতুন রেকর্ড গড়লেন এই অভিনেত্রী।
উল্লেখ্য যে, গত বছর পর্যন্ত দুজনের অনুসারীর সংখ্যা ছিল প্রায় কাছাকাছি। পরবর্তীতে কিছু সময়ের জন্য পুনরায় শীর্ষস্থান দখল করেছিলেন সাকিব আল হাসান। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরীমনির জনপ্রিয়তা ও সক্রিয়তা আরও বৃদ্ধি পাওয়ায় সর্বশেষ পরিসংখ্যানে তিনি সাকিবকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করতে সক্ষম হন।
ব্যক্তিগত জীবনের নানা ঘটনা, চলচ্চিত্রের কাজ, দুই সন্তানকে ঘিরে আবেগঘন মুহূর্ত এবং বিভিন্ন সামাজিক বার্তা নিয়মিতভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরীমনি। তার প্রতিটি পোস্ট এবং লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে, যা তার জনপ্রিয়তাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই ধারাবাহিক জনপ্রিয়তারই প্রতিফলন ঘটেছে অনুসারীর সংখ্যায়। এর মাধ্যমে ফেসবুকে বাংলাদেশের তারকাদের মধ্যে সর্বোচ্চ অনুসারীর নতুন রেকর্ড গড়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী। তার এই সাফল্য ডিজিটাল প্ল্যাটফর্মে তার ক্রমবর্ধমান প্রভাবেরই বহিঃপ্রকাশ।











