হাকিকুল ইসলাম খোকন,
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের সাবেক জীবনসঙ্গিনী অভিনেত্রী কেটি হোমসের কন্যা সুরি ক্রুজ এখন আর ‘ক্রুজ’ পদবি ব্যবহার করছেন না। তিনি তার নাম থেকে বাবার বিখ্যাত এই পদবিটি বাদ দিয়ে এখন থেকে ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হতে চলেছেন। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, সুরি আইনগতভাবেই নিজের নাম থেকে ‘ক্রুজ’ সরিয়ে মায়ের মধ্যনাম ‘নোয়েল’কে শেষ নাম হিসেবে গ্রহণ করেছেন।
জানা গেছে, ২০২৪ সালে হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের সময় সুরি প্রথমবারের মতো ‘Suri Noelle’ নামটি ব্যবহার করেন। পরবর্তীতে পেনসিলভানিয়ায় ভোটার হিসেবে নিবন্ধনের নথিতেও তার নাম সুরি নোয়েল হিসেবে দেখা যায়। বর্তমানে ২০ বছর বয়সী সুরি পেনসিলভানিয়ার নামী প্রতিষ্ঠান কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং সেখানে মিউজিক্যাল থিয়েটার নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
উল্লেখ্য, ২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিবাহবিচ্ছেদের পর সুরি মূলত তার মায়ের তত্ত্বাবধানেই বড় হয়েছেন। তবে নাম পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে সুরি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে ধারণা করা হচ্ছে, এটি তার নিজস্ব পরিচয় গড়ে তোলা এবং মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশের একটি বহিঃপ্রকাশ। সুরি নোয়েল নামটি গ্রহণের বিষয়টি সামনে আসার পর হলিউডের এই আলোচিত পরিবারের ব্যক্তিগত সম্পর্ক ও পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আবারও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।











