শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং আরও একজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় বাদী চিত্রনায়িকা পরীমণিকে জেরার জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রবিবার (৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমণিকে জেরার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় জেরার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, এদিন সকাল ১১টার দিকে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিচারককে জানান যে, তার মক্কেল পরীমণি আদালতে উপস্থিত হবেন। এই কারণে তিনি দুপুর ১২টার দিকে জেরার সময় দেওয়ার জন্য একটি আবেদন জানান। আদালত উক্ত আবেদন মঞ্জুর করে দুপুর ১২টায় জেরার সময় নির্ধারণ করেন। তবে এরপর দুই দফা ডাক দেওয়ার পরও পরীমণি আদালতে পৌঁছাতে পারেননি। এরই মধ্যে আদালতের অন্যান্য মামলার শুনানি শেষ হয়ে যাওয়ায় বিচারক আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী তারিখ ধার্য করেন।
জেরার বিষয়ে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, তীব্র যানজটের কারণে পরীমণি নির্ধারিত সময়ে আদালতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। তিনি আরও জানান, পরীমণির পৌঁছানোর আগেই অন্যান্য মামলার শুনানি শেষ হয়ে যায় এবং আসামিরাও আদালত থেকে চলে যান। ফলে এদিন জেরা সম্পন্ন করা সম্ভব হয়নি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির নাম উল্লেখ করে এবং আরও চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা করেন পরীমণি। পুলিশি তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এই মামলায় অভিযুক্ত হিসেবে রয়েছেন নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। ২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ প্রদান করেন।
পরবর্তী কার্যক্রম হিসেবে ওই বছরের ২৯ নভেম্বর মামলায় পরীমণির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাঝে ২০২৪ সালের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে ইতস্ততাবোধ করেন পরীমণি। এরপর তার আইনজীবী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচারকাজ পরিচালনার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। একই বছরের ২২ সেপ্টেম্বর মামলায় পরীমণির জবানবন্দি রেকর্ড সম্পন্ন হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে গিয়েছিলেন পরীমণি। ওই রাতে সেখানে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতেই নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ এনে ১৪ জুন সাভার থানায় মামলা দায়ের করেন চিত্রনায়িকা পরীমণি।











