ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও বর্তমান সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের পোশাকের পাশাপাশি তাঁর ব্যবহৃত দামি ব্যাগ ও হাতঘড়ি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁর ব্যবহৃত ব্যাগ, ঘড়ি এবং ছাতার মোট মূল্য প্রায় ৫৬ লাখ রুপি।

বর্ষাকালীন সংসদ অধিবেশন চলাকালে কঙ্গনাকে দেখা যায় হালকা নীল রঙের রেশমের শাড়ি, সাদা ব্লাউজ এবং হালকা রঙের জুতা পরা অবস্থায়। তবে তাঁর এই সাজের সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত অনুষঙ্গ ছিল বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হার্মেসের একটি বারকিন ব্যাগ। টোগো চামড়ার তৈরি এই বিলাসবহুল ব্যাগটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা। উল্লেখ্য, টোগো চামড়া মূলত বাছুরের চামড়া থেকে তৈরি করা হয়। এর নরম অথচ উঁচু দানাদার গঠন এবং আঁচড় প্রতিরোধী ও টেকসই বৈশিষ্ট্যের কারণে উচ্চমূল্যের বিলাসবহুল ব্যাগ তৈরিতে এই চামড়ার ব্যাপক ব্যবহার রয়েছে।

কঙ্গনার হাতে ছিল রোলেক্সের একটি লেডি-ডেটজাস্ট ঘড়ি। বাদামি রঙের ডায়ালের এই ঘড়িটির আনুমানিক দাম ২১ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২৭ লাখ ২১ হাজার ৩৮০ টাকা। রোলেক্সের ইতিহাস অনুযায়ী, ডেটজাস্ট মডেলটির যাত্রা শুরু হয় ১৯৪৫ সালে। এটি মূলত স্বয়ংক্রিয়ভাবে চলা, পানি প্রতিরোধী এবং তারিখ প্রদর্শনের বিশেষ ক্ষমতাসম্পন্ন একটি ঘড়ি হিসেবে বাজারে আসে। পরবর্তীতে ১৯৫৩ সালে তারিখটি আরও স্পষ্টভাবে দেখার জন্য এতে বিশেষ কাচ যুক্ত করা হয়।

এছাড়া কঙ্গনার হাতে ছিল গুড আর্থ ব্র্যান্ডের একটি ছাপা নকশার ছাতা। ছাতাটির দাম প্রায় ৬ হাজার ১০০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯০৪ টাকা। ভারত মহাসাগর থেকে অনুপ্রাণিত নকশায় তৈরি এই ছাতাটির বাইরের অংশে বিশেষ ছাপ এবং ভেতরের অংশে তীরচিহ্নের মতো শৈল্পিক কারুকাজ রয়েছে, যা উপস্থিত সবার নজর কেড়েছে।