পিরোজপুর প্রতিনিধি

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে পিরোজপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশব্যাপী এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কেন্দ্রীয় এই কর্মসূচির সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয় পিরোজপুর জেলা প্রশাসন ও স্থানীয় সর্বস্তরের জনগণ।

ভিডিও কনফারেন্স শেষে পিরোজপুরে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার নানা কার্যক্রম চালানো হয়।

পিরোজপুর প্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক জনাব আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার জনাব মনজুর আহমেদ সিদ্দিকী এবং সিভিল সার্জন। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস প্রতি শনিবার পিরোজপুর জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। একই সাথে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ এবং পথসভার মতো ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।

উপস্থিত অতিথিরা জানান, শুধুমাত্র সরকারি উদ্যোগে ডেঙ্গু দমন সম্ভব নয়; সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণই পারে একটি ডেঙ্গুমুক্ত পিরোজপুর গড়ে তুলতে।