পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দীর্ঘ ৫২ বছর ধরে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমির উৎপাদিত ফসল সফলভাবে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত সুপারি প্রকাশ্য নিলামে বিক্রি করে প্রাপ্ত ১ লাখ ৪২ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার ১ নম্বর পাড়েরহাট ইউনিয়নের দড়িচর গাজীপুর গ্রামে মৃত বলেশ্বর নদের পাশে জেগে ওঠা প্রায় ১০০ একর জমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। স্বাধীনতার পর ১৯৭২ ও ১৯৭৩ সালে সরকার ওই জমি থেকে বিভিন্ন এলাকার ১৩০টি পরিবারকে ৫৬ একর জমি স্থায়ী বন্দোবস্ত দেয়। তবে বন্দোবস্তপ্রাপ্ত পরিবারগুলোর বাড়িঘর দূরে হওয়ায় এবং জমির সামনে নতুন চর জেগে ওঠার সুযোগে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জমিটি জোরপূর্বক নিজেদের দখলে রেখে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিলেন। পরবর্তীতে সেখানে কলাবাগান ও সুপারি গাছের বাগান গড়ে তোলা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ওই জমি থেকে সুপারি সংগ্রহ করতে গেলে অবৈধ দখলদারদের বাধা ও হামলার মুখে পড়ে প্রশাসনিক টিম। এ ঘটনার পর গত শনিবার (৩১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেলের নেতৃত্বে ব্যাপক প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পুনরায় জোরালো অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জীবনের ঝুঁকি নিয়ে সরকারি জমিতে উৎপাদিত সুপারি সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে তা প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত মোট ১ লাখ ৪২ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, "দড়িচর গাজীপুর গ্রামে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ১০০ একর জমি ৫২ বছর ধরে অবৈধ দখলে ছিল, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। গত শনিবার সেখানে পুনরায় অভিযান পরিচালনা করে সরকারি সম্পত্তির উৎপাদিত সুপারি উদ্ধার করেছি। পরবর্তীতে প্রকাশ্য নিলামের মাধ্যমে তা বিক্রি করে প্রাপ্ত ১ লাখ ৪২ হাজার টাকা সম্পূর্ণ নিয়ম মেনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছি। সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















