নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় বসেছে ‘শিশু-কিশোর আনন্দ’ মেলা। নিজস্ব সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের মেলবন্ধনে বসা এই মেলা যেন সব বয়সী মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। বাংলার চিরচেনা গ্রাম, মেঠোপথ আর নদীর কলতানের সঙ্গে এই গ্রামীণ মেলা মানুষের সহজ-সরল জীবনের অবিচ্ছেদ্য অংশ।

মেলার দিন এলেই গ্রামের পরিবেশ পুরোপুরি বদলে যায়। মাঠজুড়ে বসে নানা রঙের দোকানপাট। চারদিকে মানুষের কোলাহল, শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর বাহারি পণ্যের সমাহার এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। নাগরদোলা, কাঠের ঘোড়া, মাটির তৈরি তৈজসপত্র, বাঁশ-বেতের সামগ্রী, খেলনা, মিষ্টি, মুড়ি-মুড়কি আর জিলাপির দোকান মেলাকে করে তোলে আরও প্রাণবন্ত। দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন এই আনন্দ আয়োজনে।

মেলার অন্যতম প্রধান আকর্ষণ নাগরদোলা ও বিভিন্ন লোকজ বিনোদন। নাগরদোলার ঘূর্ণিতে শিশুদের পাশাপাশি বড়রাও যেন ফিরে পান শৈশবের আনন্দ। আনন্দে মেতে ওঠা শিশুদের দেখে অভিভাবকদের মনও শান্তিতে ভরে ওঠে। মেলায় আসা অনেক দর্শনার্থী জানান, মেলা শুধু ঘোরাঘুরির জায়গা নয়; বরং এটি পুরোনো স্মৃতি ফিরে পাওয়ার এক দারুণ সুযোগ। ছোটবেলায় বাবা-মায়ের হাত ধরে মেলায় যাওয়ার সেই মধুর স্মৃতি মনে করেই অনেকে পরিবার-পরিজন নিয়ে মেলায় ছুটে আসেন।

শত বছরের ঐতিহ্য বহন করে চলা এই গ্রামীণ মেলা শুধু বেচাকেনার জায়গা নয়; এটি আনন্দ, বিনোদন ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। এখানে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়, বন্ধুদের সঙ্গে আড্ডা জমে এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় সময় কাটানোর সুযোগ তৈরি হয়। এভাবেই মেলা সামাজিক বন্ধনকে আরও মজবুত করে।

মেলা আমাদের গ্রামীণ অর্থনীতিতেও অনেক বড় ভূমিকা রাখে। ক্ষুদ্র ব্যবসায়ী, হস্তশিল্পী, খেলনা বিক্রেতা, মিষ্টি প্রস্তুতকারক ও মৌসুমি উদ্যোক্তারা মেলাকে কেন্দ্র করে ভালো ব্যবসার সুযোগ পান। অনেকের কাছেই এটি বাড়তি আয়ের প্রধান মাধ্যম। মাটির পুতুল, শখের হাঁড়ি, বাঁশের বাঁশি, বেতের ঝুড়ির মতো হাতে তৈরি নানা সামগ্রী আমাদের ঐতিহ্যবাহী কারুশিল্পের পরিচয় বহন করে। এসব পণ্যের কদর বাড়লে গ্রামীণ কারিগররা উৎসাহ পান। পরিকল্পিতভাবে মেলার আয়োজন করা গেলে স্থানীয় কর্মসংস্থান ও ব্যবসার পরিধি আরও বাড়ানো সম্ভব।

তবে সময়ের সঙ্গে সঙ্গে গ্রামীণ মেলার চেহারায় কিছুটা পরিবর্তন এসেছে। আধুনিক প্রযুক্তি, অনলাইন কেনাকাটা আর নতুন ধরনের বিনোদনের কারণে মানুষের শখ ও অভ্যাসে বদল এসেছে। অনেক জায়গায় ঐতিহ্যবাহী লোকজ আয়োজনের বদলে আধুনিক বিনোদন ও বাণিজ্যিক কার্যক্রম বেশি প্রাধান্য পাচ্ছে। ফলে আমাদের পুরোনো সংস্কৃতি ও কারুশিল্প টিকিয়ে রাখা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া মেলায় দর্শনার্থীদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যানজট নিয়ন্ত্রণ, খাবারের মান এবং শিশুদের বিনোদনসামগ্রীর নিরাপত্তার দিকটিও গুরুত্বের সঙ্গে দেখা উচিত। সংশ্লিষ্ট আয়োজক, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সমন্বিতভাবে কাজ করলে এসব সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব। স্থানীয় কারুশিল্পীদের জন্য বিশেষ স্টল, লোকসংগীত, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য দেশীয় সংস্কৃতিভিত্তিক আয়োজনের ব্যবস্থা করলে মেলা আরও সমৃদ্ধ হবে।

দিনশেষে মেলার মাঠ ফাঁকা হয়ে যায়, দোকানিরা তাঁদের পসরা গুছিয়ে নেন। কিন্তু মানুষের মনে থেকে যায় নাগরদোলার ঘূর্ণি, মাটির খেলনার রং, মিষ্টির ঘ্রাণ আর প্রিয়জনদের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলো। আধুনিকতার যতই পরিবর্তন আসুক না কেন, বাংলার মাটি ও মানুষের সঙ্গে ঐতিহ্যের এই শেকড়ের টান কখনো সহজে মুছে যাওয়ার নয়। গ্রামীণ মেলা তাই শুধু একটি উৎসব নয়; এটি বাংলার প্রাণ এবং আমাদের সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি।