রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকার মাইডাস সেন্টারে শুরু হয়েছে দশম হার-ই-ট্রেড এক্সিবিশন ‘শারদীয় আবাহন’। হার-ই-ট্রেড ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই দুই দিনব্যাপী প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। আজ শুক্রবার (২ অক্টোবর) প্রদর্শনীর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। অনুষ্ঠানে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।

এবারের প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬২ জন নারী উদ্যোক্তা তাদের সৃজনশীল পণ্য নিয়ে অংশ নিয়েছেন। এখানে ফ্যাশন পণ্য, ঐতিহ্যবাহী হস্তশিল্প, মুখরোচক খাবারসহ বিভিন্ন দেশীয় লাইফস্টাইল পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে। মূলত নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি, বাজারের পরিধি সম্প্রসারণ এবং তাদের পণ্যের প্রচারের সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

প্রদর্শনীর অংশ হিসেবে উপস্থিত নারী উদ্যোক্তা অন্তরা সেন পিংকি বলেন, “বাংলাদেশের নারী উদ্যোক্তারা অত্যন্ত সৃজনশীল। তাঁরা নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা জয় করে নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন। সমাজের সব স্তরের মানুষ এগিয়ে এলে আমরা আরও দ্রুত সমৃদ্ধির পথে হাঁটতে পারব।”

দর্শনার্থীদের জন্য এই প্রদর্শনী আজ রাত ৯টা পর্যন্ত এবং আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।