সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় মন্ত্রী এই অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘জীবিকার তাগিদে সুদূর প্রবাসে কর্মরত আমাদের এই সাহসী ভাইদের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রবাসী শ্রমিকদের অবদান অপরিসীম এবং তাদের এই ত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
দুর্ঘটনার পর দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে মন্ত্রী জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সকল সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন শোকসন্তপ্ত পরিবারবর্গ এই অপূরণীয় ক্ষতি ও অসীম কষ্ট সহ্য করার ধৈর্য ও শক্তি লাভ করেন।










