বাংলাদেশের কৃষিতে ভুট্টার অবদান এখন অনস্বীকার্য। ভুট্টাকে ঘিরেই গড়ে উঠেছে দেশের বিশাল পোলট্রি ও ডেইরি শিল্প। উত্তর জনপদের জেলা লালমনিরহাট থেকে মঙ্গা দূর করেছে এই ভুট্টাই। কৃষিতে ভুট্টার এই ঐতিহাসিক অবদানকে স্মরণীয় করে রাখতে জেলার প্রাণকেন্দ্রে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ভুট্টা চত্বর। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর—এটি শুধু স্লোগান নয়, এটি এ অঞ্চলের মানুষের কষ্টার্জিত সাফল্যের প্রকৃত প্রতিচ্ছবি। চরাঞ্চলসহ জেলার বিস্তীর্ণ এলাকার কৃষকরা ভুট্টা চাষ করে নিজেদের ভাগ্য বদলে দিয়েছেন। স্থানীয় অর্থনীতিতে ভুট্টার এই অভূতপূর্ব ভূমিকাকে চিরস্মরণীয় করতেই শহরের কেন্দ্রস্থলে এই চত্বর নির্মাণ করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে। লালমনিরহাটের ভুট্টাকে কেন্দ্র করে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে।