দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের এক অবিসংবাদিত সুপারস্টার এবং বর্তমান রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্ব থালপতি বিজয়। তার কোটি কোটি ভক্তের মতো তার ছেলে জেসন সঞ্জয়ের মনেও রয়েছে বড় পর্দার এক বিশেষ স্বপ্ন। তবে জেসনের স্বপ্ন কেবল তার বাবার সাথে কাজ করা নয়, বরং তিনি চান হলিউডের অন্যতম অ্যাকশন কিং জেসন স্টেথাম এবং তার বাবা বিজয়কে একই ফ্রেমে এনে একটি আন্তর্জাতিক মানের ড্রিম হলিউড প্রজেক্ট পরিচালনা করতে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জেসন সঞ্জয় তার এই রোমাঞ্চকর পরিকল্পনার কথা প্রকাশ করেছেন, যা বর্তমানে বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
‘বিহাইন্ডউডস টিভি’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেসন সঞ্জয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, যদি হলিউডের খ্যাতিমান অ্যাকশন তারকা জেসন স্টেথাম তার সঙ্গে কাজ করতে আগ্রহী হন, তবে তামিল চলচ্চিত্র জগৎ থেকে তিনি কাকে তার বিপরীতে নিতে চাইবেন। প্রশ্নটির উত্তরে কোনো রকম দ্বিধা না রেখে এক মুহূর্তের মধ্যেই জেসন উত্তর দেন, “অবশ্যই আমার বাবা (বিজয়)। তাদের এই যৌথ কাজ বা যুগলবন্দি পর্দায় এক অনন্য মাত্রা যোগ করবে।” তবে এই ধরনের সাহসী মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে যে ট্রোল ও মিমের বন্যা বয়ে যেতে পারে, তা রসিকতা করে নিজেই স্বীকার করে নেন এই স্টার কিড।
তামিল ইন্ডাস্ট্রির এত বড় একজন সুপারস্টারের সন্তান হওয়া সত্ত্বেও অভিনয়ের পরিবর্তে কেন তিনি পরিচালকের চেয়ারকে বেছে নিলেন—এমন প্রশ্নের জবাবে জেসন সঞ্জয় জানান, ছোটবেলা থেকেই সিনেমার শুটিং সেটে ঘুরে বেড়ানোর পরিবেশ তার এই চিন্তাধারা তৈরিতে বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, “ছোটবেলা থেকেই সিনেমার সেটে যাতায়াত করার সুযোগ আমার ছিল। এটা নিঃসন্দেহে আমার একটি বিশেষ সুযোগ বা অধিকার ছিল বলা যায়। সেখানে কাটানো দারুণ সব অভিজ্ঞতা এবং ওই পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে ওঠার কারণেই আমি সিনেমার প্রতি আগ্রহী হয়ে উঠি। সেটে যাওয়াটা আমার জীবনেরই এক স্বাভাবিক অংশ হয়ে গিয়েছিল।”
সিনেমা নির্মাণ শুরুতেই তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল না উল্লেখ করে জেসন তার জীবনের পথবদলের গল্পও শেয়ার করেন। তিনি জানান, প্রথমে তিনি একজন পেশাদার পাইলট হতে চেয়েছিলেন। এর মাঝে কিছুদিন ক্রিকেটার হওয়ার প্রতিও তার প্রবল ঝোঁক ছিল। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই সিনেমার প্রতি তার আসল আগ্রহ জন্মাতে শুরু করে। এরপর কলেজ জীবনে তিনি স্থির করেন যে, চলচ্চিত্র নির্মাণ নিয়েই তিনি সামনে এগোবেন।
নায়ক হওয়ার প্রতি কখনো কোনো আকর্ষণ অনুভব করেননি জানিয়ে জেসন আরও যোগ করেন, গল্প বলাটাই চিরকাল তার আসল আকর্ষণ ছিল। তিনি বলেন, “ছোটবেলা থেকেই গল্প বলতে আমি খুব ভালোবাসতাম, বন্ধুদের সামনে নানা ঘটনা বানিয়ে বানিয়ে বলতাম। আস্তে আস্তে সেইসব ভাবনা কাগজে আঁচড় কাটতে শুরু করি, যা একসময় শখে পরিণত হয়।” পরবর্তীতে সিনেমা মেকিং বা চলচ্চিত্র নির্মাণের কলাকৌশল শেখার জন্য তিনি কানাডায় যান এবং সেখানেই স্পষ্টভাবে বুঝতে পারেন যে তিনি জীবনে আসলে কী করতে চান।
উল্লেখ্য যে, অভিনেতা সন্দীপ কিষাণকে প্রধান চরিত্রে রেখে ‘সিগমা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জেসন সঞ্জয়। প্রাথমিকভাবে সিনেমাটি ৩১ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে দেওয়া হয়। এখন চলচ্চিত্র প্রেমীদের অপেক্ষা কেবল জেসনের এই নতুন যাত্রার সফল শুরুর জন্য।











