প্রায় পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর আবারও তার চিরচেনা হরর ঘরানায় ফিরছেন বলিউড তারকা ইমরান হাশমি। নতুন চলচ্চিত্র ‘রূহ’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি একই সঙ্গে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে, যা এর দর্শক পরিধি আরও বিস্তৃত করবে।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্রেথ’-এর নির্মাতা মায়াঙ্ক শর্মা। পরিচালকের মতে, ‘রূহ’ কেবল একটি সাধারণ ভয়ের গল্প নয়; বরং এতে মিশে থাকবে গভীর আবেগ, রহস্য, সংগীত এবং অতিপ্রাকৃত শক্তির এক অদ্ভুত সংমিশ্রণ। আধুনিক হরর সিনেমার আঙ্গিকে একটি আবেগঘন গল্প বলার চেষ্টা করা হয়েছে এই চলচ্চিত্রে। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন মায়াঙ্ক শর্মা এবং বিশাল কাপুর। ভিকেড ফিল্মস-এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের প্রযোজক হিসেবে রয়েছেন বিক্রম খাখার ও সানি খান্না।
নিজের নতুন এই প্রজেক্ট নিয়ে উচ্ছ্বসিত ইমরান হাশমি বলেন, “রূহ আমার কাছে অত্যন্ত বিশেষ মনে হয়েছে। কারণ এটি আধুনিক হরর, মানবিক আবেগ এবং সংগীতকে এক সুতোয় গেঁথেছে। দর্শকরা আমাকে বরাবরই এই ধরনের ঘরানার চলচ্চিত্রে দেখে এসেছেন, আর তাই এই কাজটি করতে আমি বেশ আগ্রহী হয়েছি।”
অন্যদিকে, পরিচালক মায়াঙ্ক শর্মা জানান, হরর ঘরানার প্রতি তার বরাবরই এক আলাদা টান রয়েছে। এই সিনেমার মাধ্যমে তিনি এমন একটি গল্প ফুটিয়ে তুলতে চান, যা দর্শকদের মনে কেবল ভয়ের অনুভূতি তৈরি করবে না, বরং তাদের হৃদয়ের গভীরে স্পর্শ করবে।
ইমরান হাশমির সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ সবসময়ই তার গান। ‘রূহ’ সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। ইতোমধ্যে প্রকাশিত সুরের ঝলক থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, দর্শকরা আবারও ইমরানের সিনেমার সেই চিরচেনা রোমান্টিক এবং আবেগঘন গানের জাদু দেখতে পাবেন। জানা গেছে, কেবল ভারত নয়, আন্তর্জাতিক দর্শকদের রুচির কথা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।











