বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা আগামী বুধবারের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে আগামী ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়াবিদ ড. ওমর ফারুক সংবাদমাধ্যম 'আমার দেশকে' জানান, বর্তমানে বর্ষাকাল হওয়ায় দেশজুড়ে কমবেশি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে আগামী এক-দুইদিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে আরও গভীর হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়ার প্রভাবেই ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, এই সময়ের মধ্যে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা অনেক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাজধানী ঢাকায় ১৫ আগস্টের আগে খুব ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে তিনি আশ্বস্ত করেন।

অন্যদিকে, সোমবার সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে কম ছিল। রাজধানী ঢাকায় সন্ধ্যা ছয়টার আগে সামান্য বৃষ্টি হলেও সন্ধ্যার পর মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়, যেখানে মোট ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ময়মনসিংহ, নীলফামারীর সৈয়দপুর ও চাঁদপুরে। রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সন্ধ্যা ছয়টায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।

এর প্রভাবে মঙ্গলবার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বুধবারও আবহাওয়ার এই একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।