আগামী ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব ধরনের নতুন পাঠ্যপুস্তক প্রস্তুত সম্পন্ন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, "নতুন শিক্ষাবর্ষের শুরুতেই যাতে শিক্ষার্থীদের হাতে সময়মতো বই পৌঁছাতে পারে, সেটিই সরকারের মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যপুস্তক প্রস্তুতের যাবতীয় কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।"

বই ছাপানোর প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, বর্তমানে দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট প্রকাশকদের কার্যাদেশ প্রদান করা হবে। এরপরই প্রকাশকরা বই মুদ্রণের কাজ শুরু করবেন। উল্লেখ্য, বই মুদ্রণ ও বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকির জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

পাশাপাশি আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের বিষয়ে নতুন তথ্য প্রদান করে শিক্ষামন্ত্রী বলেন, "বিদ্যমান শিক্ষাক্রমে কিছু প্রয়োজনীয় পরিমার্জন আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।"