সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গত সোমবার (২৭ জুলাই) দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে কারামুক্ত হন।
কারামুক্তির পর একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বেনজীর আহমেদ জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তিনি জামিনে মুক্ত হয়েছেন এবং বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তবে সামনে তার আইনি লড়াই এবং পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে এই মুহূর্তে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি তিনি।
দুবাইয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জামিনের ক্ষেত্রে আদালত বেশ কিছু শর্ত আরোপ করেছেন। এর মধ্যে অন্যতম শর্ত হলো তার পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা এবং আদালতের অনুমতি ছাড়া কোনোভাবেই সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে না পারা।
সূত্র আরও জানিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথিপত্র ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয়পক্ষের বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানির পর আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।











