এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিসচা-এর ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ। জানা গেছে, বাংলাদেশ সময় আজ সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। এই যাত্রায় তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

লিটন এরশাদ জানান, দীর্ঘ চিকিৎসার পর দেশে ফিরলেও আগামী সপ্তাহের মধ্যেই ইলিয়াস কাঞ্চনকে আবারও লন্ডনে যেতে হবে। কারণ, আগামী ১৫ আগস্ট অভিনেতাকে পুনরায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা যায় দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রভাবে তার চেহারায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। তবে শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলে জানান লিটন।

আক্ষেপের সাথে তিনি বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেল এখন অনেকটা কমে এসেছে। তার পরিবার লন্ডনের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করেছে, কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায়নি। কাঞ্চন ভাই নিজেও দেশে ফেরার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছিলেন। তাই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, কিছুদিনের জন্য তাকে দেশে আনা হচ্ছে।’

উল্লেখ্য, গত বছরের শুরুর দিকে অভিনেতার শরীরে টিউমার ধরা পড়ে। এরপর পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে তার চিকিৎসা শুরু হয়। তিন মাস ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়।