বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখার অপরাধে কুমিল্লার মুরাদনগরে ৯ জন ব্যবসায়ীকে সতর্কতামূলক ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মুরাদনগর সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব হাছান খাঁন।
অভিযানে তার সাথে মুরাদনগর থানা পুলিশের একটি দল এবং আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল অংশ নেয়।
ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত আটটার পর দোকান, শপিং মলসহ সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। তা সত্ত্বেও অনেক ব্যবসায়ী নিয়ম অমান্য করে দোকান খোলা রাখায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযানে মোট ৯ জন দোকানিকে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও সতর্ক করে বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











