কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

গত রোববার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। তবে কমিটি ঘোষণার পর থেকেই সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক এবং যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমানের অনুসারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এই উত্তেজনা গত রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে, যেখানে দুই পক্ষের নেতাকর্মীদের একে অপরের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়।

এরই ধারাবাহিকতায় সোমবার দুপুর ১২টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমানের অনুসারীরা। ঠিক সেই মুহূর্তে নতুন কমিটির নেতাকর্মীরা মিষ্টি নিয়ে কলেজে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে তারেক রহমান, জোবায়ের তালহা ও মো. রায়হান আহত হয়েছেন। জানা গেছে, তারা সবাই ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী।

ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।