কক্সবাজারের পেকুয়ায় বানের পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে ১৯ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু মুশফিকুর রহিম স্থানীয় বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিনের সন্তান।
নিহতের চাচা লেদু মিয়া জানান, ঘটনার সময় ঘর ও উঠানে কোমর সমান পানি জমে ছিল। মুশফিকের মা শিশুকে ঘরে রেখে বাড়ির বাইরে কাজ করছিলেন। এরই মাঝে শিশুটি অসতর্কতাবশত পানিতে পড়ে প্রবল স্রোতের সঙ্গে ভেসে যায়। রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে লেদু মিয়া মুশফিকের নিথর দেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক এলাকায় এখনো পানি জমে আছে। গত রাতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছেন তিনি। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
অন্যদিকে, একই রাতে কক্সবাজার শহরে পাহাড় ধসে রোজিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত সাত দিনে কক্সবাজার জেলায় বন্যা ও পাহাড় ধসে ১৫ জন রোহিঙ্গা সহ মোট ২৮ জনের প্রাণহানি ঘটেছে।











