ফয়সাল আহমেদ

নাটোরের সিংড়া উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল হাইয়ের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে চামারী ইউনিয়নের গুটিয়া গ্রাম থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়। এতে নবীন-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মোটরসাইকেল শোভাযাত্রাটি চামারী, হোলাইগাড়ী, পাঙ্গাসিয়া ও বাহাদুরপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিলদহর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল হাই বলেন, “আমি যদি চেয়ারম্যান হতে পারি, তাহলে চামারী ইউনিয়নকে মাদকমুক্ত করব এবং জুয়া বন্ধে কার্যকর উদ্যোগ নেব। প্রয়োজনীয় রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের পাশাপাশি যেখানে প্রয়োজন সেখানে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেব।”

তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের তরুণদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করব। ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করে নিরাপত্তা জোরদার করব। সরকারি বিভিন্ন প্রণোদনা ও সুযোগ-সুবিধা সুষ্ঠুভাবে বণ্টনের ব্যবস্থা করব, যাতে গরিব-দুঃখী ও প্রকৃত উপকারভোগীরা তাদের প্রাপ্য সুবিধা পান।”

আব্দুল হাই বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী চামারী ইউনিয়নের উন্নয়ন, নিরাপত্তা ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চান তিনি।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।