শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দিল্লির পাশাপাশি মুম্বইয়ের রাজপথ। সোমবার (২০ জুলাই) আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচির সময় মুম্বই পুলিশ সমাজবাদী পার্টির নেতা এবং অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফহাদ আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করে। জানা গেছে, নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডের তীব্র প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’র ডাকা এক সংসদ অভিযানের সমর্থনে মুম্বইয়ের দাদর এলাকায় এই জমায়েত অনুষ্ঠিত হয়। সেখান থেকেই পুলিশি অ্যাকশনে ফহাদ আহমেদকে আটক করে মাহিম থানায় নিয়ে যাওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটক হওয়ার সময় ফহাদ আহমেদ বারবার পুলিশকে প্রশ্ন করছেন, ‘আমাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন?’ এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট করেন স্বরা ভাস্কর। তিনি লেখেন, ‘মুম্বই পুলিশ ফহাদসহ বেশ কয়েকজনকে আটক করেছে। ধিক্কার জানাই! এটাই এই দেশের গণতন্ত্র। অত্যন্ত নির্লজ্জের মতো আচরণ।’ পরবর্তীতে তিনি জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে ফহাদ মুক্তি পান। উল্লেখ্য, গত কয়েক দিনে স্বরা ভাস্কর একাধিকবার দিল্লির যন্তর মন্তরে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
সোমবারের এই আন্দোলনে যোগ দিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমীও। সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমরা মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করে সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন করছি। হিংসা বা অশান্তি সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়।’ বলিউড থেকে পর্যাপ্ত শিল্পী এই আন্দোলনে যোগ না দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শাবানা আজমী পাল্টা প্রশ্ন করেন, ‘এই প্রশ্ন কেন শিল্পপতি বা ব্যবসায়ীদের করা হয় না?’











