কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশে সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানানো হয়, তাদের ন্যায্য দাবি আদায় না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে নির্ধারিত কমিশন বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। তবে তারা আরও জানান যে, এই আন্দোলনের পাশাপাশি সরকারের সাথে আলোচনা অব্যাহত থাকবে।
নেতারা উল্লেখ করেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারিত হয়েছিল। গত ১১ বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের উচ্চমূল্য এবং ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বৃদ্ধি পাওয়ায় এই ব্যবসায় চরম সংকট তৈরি হয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে কমিশনের হার বাড়ানো এখন সময়ের দাবি।








